সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর লুটের ঘটনায় পূর্ব ইসলামপুর ২ নম্বর ইউপির চেয়ারম্যান মো. আলমগীর আলম  চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

একই সাথে তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগে গত বছর দায়ের হওয়া এক মামলার তালিকাভুক্ত আসামি আলমগীর আলম। পাশাপাশি ওই মামলায় জব্দ করা যন্ত্রপাতি চুরির অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলারও আসামি তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান প্রথম আলোকে বলেন, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সম্প্রতি সাদাপাথর লুট হওয়ার ঘটনায় তিনি জড়িত কি না, সেটা পুলিশ খতিয়ে দেখছে।