রাশেদুল ইসলাম জেলা প্রতিনিধি, সিলেট
সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে মোট ৬৫ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ-এর মিডিয়া শাখা। জানানো হয়, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ২ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক সংক্রান্ত মামলায় ৬ জন এবং জুয়ার অভিযোগে ৪ জন রয়েছে। এছাড়া সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে। মহানগর পুলিশ অধ্যাদেশে বিভিন্ন অভিযোগে আরও ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।