জেলা প্রতিনিধি, সিলেট : সামাজিক কুসংস্কার ভেঙে বিয়েকে সহজ ও সুন্দর করতে সিলেটে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী গণবিয়ে অনুষ্ঠান। যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন “সিডস অব সাদাকাহ”-এর উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ও যৌতুক ছাড়াই একসাথে ৬৩ জোড়া নবদম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন এতিম কন্যা, যাদের পাশে দাঁড়িয়েছে এই মানবিক আয়োজন।

বৃহস্পতিবার নগরীর বালুচর এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দেশ-বিদেশ থেকে আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী ও রংপুর-৩ আসনের এমপি হাবিবুর রহমান বেলাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। আয়োজক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন আবুল খায়ের ও জয়নুল আবেদীন রুহেল।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে প্রচলিত যৌতুক প্রথা নির্মূলে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামের দৃষ্টিতে বিয়েকে সহজ করার যে নির্দেশনা রয়েছে, এই আয়োজন তারই বাস্তব প্রতিফলন। তারা নবদম্পতিদের সুখী ও আদর্শ পরিবার গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ শাহ ওয়ালীউল্লাহ বিয়ের খুতবা পাঠ করেন এবং পর্যায়ক্রমে সবগুলো বিয়ে সম্পন্ন করেন। পরে নবদম্পতিদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও নবদম্পতিদের জন্য উপহার হিসেবে দেওয়া হয় প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী, যার মধ্যে ছিল খাট, বালিশ, তোশক ও বিভিন্ন তৈজসপত্র। অতিথিদের আপ্যায়নের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজেরও।

মানবিক এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং যৌতুকবিহীন বিয়েকে উৎসাহিত করতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে