সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে রনি হোসাইন (৩২) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) মধ্যরাতে পৌর এলাকার কদমতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রনি উপজেলার আমুড়া গ্রামের বাসিন্দা, তিনি মৃত আজির উদ্দিনের ছেলে এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুকে নিয়ে নারীসংক্রান্ত কিছু অভিযোগমূলক পোস্ট দেন। ধারণা করা হচ্ছে, এই পোস্টের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, \"ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনও হত্যার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।\"
পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। স্থানীয়ভাবে এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।





