সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। এ রোগে আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই দিন আগে হাম ও হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। চলমান পরিস্থিতিতে এটিই বিভাগে হামে প্রথম মৃত্যুর ঘটনা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৬ জন রোগী ল্যাব পরীক্ষায় হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে ১০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সবচেয়ে বেশি রোগীর চাপ রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ। সেখানে বর্তমানে ৬২ জন ভর্তি আছেন। কয়েক দিনের ব্যবধানে রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে এবং হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডগুলো পূর্ণ হয়ে গেছে।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সমন্বিত চিকিৎসা কার্যক্রম জোরদার করেছে। গুরুতর রোগীদের দ্রুত ওসমানী মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে সেখানে হামের জন্য নির্ধারিত ৫ শয্যার আইসিইউ ইউনিটকে ১০ শয্যায় উন্নীত করার কাজ চলছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।