জেলা প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীতে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়েছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। আজ (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথক দুটি হোটেল থেকে মোট ৬ নারী-পুরুষকে আটক করা হয়।

জানা যায়, নগরীর চাঁদনীঘাট এলাকার ‘অতিথি’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। একইভাবে তালতলা এলাকার ‘সুফিয়া’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিন পুরুষ ও এক নারীকে আটক করে ডিবি পুলিশ।

অভিযান শেষে ‘অতিথি’ ও ‘সুফিয়া’—উভয় আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।