সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘটনাটি ঘটে সকাল ১১টা ৫ মিনিটে, যখন ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ব্রিজের উপর অবস্থান করছিল। ইঞ্জিন বিকলের কারণে ট্রেনটি সেখানেই থেমে যায়।
পারাবত এক্সপ্রেসের সহকারী লকোমাস্টার শরিফুল ইসলাম জানান, ট্রেনটি সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। শায়েস্তাগঞ্জ স্টেশন অতিক্রম করে খোয়াই নদীর ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায়, ইঞ্জিনের ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় অতিরিক্ত গরমে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, নোয়াপাড়া থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। তা সংযোজনের পর ট্রেনটি আবার সিলেটের পথে রওনা দেবে। তবে এতে আরও দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য রুটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, অনেকেই প্ল্যাটফর্মে আটকে পড়েছেন।





