ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ বাংলাদেশিকে পুশইন করেছে। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন বশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৫১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ এসব বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ, চারজন নারী ও পাঁচ শিশু। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আটকদের মধ্যে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা মো. তবিবুর রহমান (৩৯), তার স্ত্রী শামীমা খাতুন (২৭) ও তাদের তিন বছর বয়সী সন্তান আয়ান শেখ; রেশমা খাতুন (৩৪), সুমাইয়া খাতুন (১৫), লামিয়া খাতুন (১০) ও সামিয়া খাতুন (৮); মো. আকতারুল ইসলাম (৩২), তার স্ত্রী আঁখি আক্তার (২৫) এবং তাদের দুই সন্তান তাজিম উদ্দিন (১০) ও আয়াত খাতুন (৫) রয়েছেন।
ঘটনার বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল কালবেলাকে জানান, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশু থাকায় বিজিবি তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পরে মুচলেকা নেওয়ার পর অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।







