আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ সময় আরও আটজন আহত হন। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় আমাদের ৬ বীর শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও ৮ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক খবরে আমরা গভীরভাবে শোকাহত।”

শফিকুর রহমান শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, “আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাহসী সেনাসদস্যরা যে জীবন উৎসর্গ করেছেন, জাতি তা কৃতজ্ঞচিত্তে মনে রাখবে। শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

তিনি আরও বলেন, “আমি এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা গ্রহণ এখন সময়ের দাবি।”

শেষে শফিকুর রহমান দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা আমাদের ভাইদের শাহাদাত কবুল করুন। আমিন।