সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশাচালকসহ মা-মেয়ে।
নিহতরা হলেন— হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সিএনজিচালক সজল ঘোষ (৪০), বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তার মেয়ে প্রথমা চৌধুরী। সপ্তম শ্রেণিতে পড়ুয়া প্রথমা সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মা-মেয়ে সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় বসবাস করতেন।
\r\nস্থানীয়রা জানান, সকালেই দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করেন এবং পিকআপচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
\r\nআটক চালকের নাম পারভেজ আহমেদ (৩৫)। তিনি দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়, যা পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে।
\r\nশান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





