স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটে নির্বাচনী প্রস্তুতি অত্যন্ত ভালো এবং আমাদের প্রত্যাশার থেকেও অনেক উন্নত। এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি নির্বাচনি কেন্দ্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ, সিসি ক্যামেরা, বডি ক্যামেরা এবং ডগ স্কোয়াড থাকবে। এছাড়া ড্রোন নজরদারি চালু থাকবে, যদিও সব কেন্দ্রে ড্রোন থাকবে না। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে, এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। তাদের মধ্যে তিনজন আর্মড আনসার। এছাড়া সেনা, নৌ, বিমানবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে স্ট্রাইকিং ফোর্স থাকবে। মোবাইল টিমও দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের প্রস্তুতি খুবই ভালো এবং কোথাও কোনো ঘাটতি নেই।
তিনি আরও বলেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের প্রস্তুতি অনেক ভালো। নির্বাচনের কাজে জড়িত সকল কর্মকর্তা সৎ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আওয়ামী লীগের কোনো দোসর এখানে নেই।
সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচার প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্যের বিষয়ে তার মতামত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি সেই বক্তব্য শুনেননি, তাই মন্তব্য করতে চাইবেন না।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য বিভাগের প্রতিনিধিরা।





