সব জল্পনা ও দুশ্চিন্তার অবসান ঘটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন থেকে নিজের বাসভবনেই চিকিৎসা নেবেন এই কিংবদন্তি অভিনেতা।
ধর্মেন্দ্রর টিমের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে জানানো হয়েছে, তার শারীরিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামে থাকবেন তিনি, এবং প্রয়োজনীয় চিকিৎসা চলবে বাড়িতেই।
একই সঙ্গে অভিনেতার টিম ভক্ত ও গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে, ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে কোনো গুজব বা ভুয়ো খবর না ছড়াতে এবং তাঁর ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘হিম্যান’ খ্যাত এই তারকা। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বলিউডে ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে, যা পরে পরিবার দ্রুত খণ্ডন করে।
ধর্মেন্দ্রর দ্রুত আরোগ্য কামনা করে অনেক সহকর্মী ও অনুরাগী ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। এমনকি হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকাও।
বর্তমানে স্বাস্থ্যের উন্নতি হওয়ায় অভিনেতা বাড়িতে ফিরেছেন-এতেই স্বস্তি ফিরেছে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে।





