নাট্যকার সেলিম আল দীনের পদক, পুরস্কার ও পাণ্ডুলিপি ফেরত দিতে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠানো হয়েছে সেলিম আল দীন কেন্দ্রের সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রের পক্ষ থেকে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান ডাকযোগে নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়েছে, ফেনীতে অবস্থিত সেলিম আল দীন জাদুঘরে এসব মূল্যবান সামগ্রী সংরক্ষণ করা হবে।

নোটিশপ্রাপ্ত চারজন হলেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মো: কামরুল হাসান, আব্দুস সালাম ও নাসরিন সুলতানা বিলকিস। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালকের কাছে এ নোটিশের কপি পাঠানো হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, নোটিশপ্রাপ্তরা পরলোকগত সেলিম আল দীনকে ঘনিষ্ঠভাবে পরিচিত থাকার সুযোগ নিয়ে তার পদক, পুরস্কার, নাটক ও অন্যান্য পাণ্ডুলিপি বেআইনিভাবে নিজেদের কাছে রেখেছেন। এতে সেলিম আল দীনের ভক্ত, গবেষক ও সাধারণ দর্শকরা এসব সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন।

সেলিম আল দীন ছিলেন একজন বিশ্বমানের নাট্যকার, গবেষক ও নির্দেশক। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ দেশি-বিদেশি বহু পুরস্কারে ভূষিত ছিলেন।

আইনি নোটিশে ১৫ দিনের মধ্যে সমস্ত পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও ব্যবহার্য সামগ্রী ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।