বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো হাসির এক অভিনব স্কুল ‘স্কুল অব কমেডি’। শিক্ষক দিবসের দিনে (৫ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের জাহেদ হাসান মিলনায়তনে দেশের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান, লেখক ও পারফর্মার আবু হেনা রনি এই উদ্যোগের সূচনা করেন। উদ্বোধন করেন খ্যাতিমান কার্টুনিস্ট, রম্য লেখক ও উন্মাদ সম্পাদক আহসান হাবীব।

আয়োজক প্রতিষ্ঠান ব্যাকবেঞ্চার্স কমিউনিকেশনস জানায়, মানুষের জীবনে হাসির প্রয়োজনীয়তা তুলে ধরতে এবং বাংলাদেশে স্ট্যান্ডআপ কমেডিকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে এ প্ল্যাটফর্ম কাজ করবে।

অনুষ্ঠানে আবু হেনা রনি হেডমাস্টার রূপে এক ঘণ্টাব্যাপী হৃদয়ভরানো পারফরম্যান্স উপহার দেন। তিনি দেখান কিভাবে হাসি হতে পারে শিক্ষা, আর শিক্ষা হয়ে উঠতে পারে আনন্দের সহজ ও মানবিক রূপ।

ব্যাকবেঞ্চার্স কমিউনিকেশনসের কো-ফাউন্ডার সোহেল আহমেদ ও ফাহিম আসাদ বলেন, মানুষের জীবনে হিউমারের গুরুত্বকে প্রতিষ্ঠা করাই এ স্কুলের লক্ষ্য।

উদ্বোধনী শো শেষে আহসান হাবীব বলেন— \"আবু হেনা রনি তার পারফরমেন্সে কমেডির সবগুলো স্তর স্পর্শ করেন। তার এ গুণ আমি বিশেষভাবে উপভোগ করি।\"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা ও লেখক খায়রুল বাবুই, স্ট্যান্ডআপ কমেডিয়ান শাওন মজুমদার, তারেক মাহদুম, হৃদয় আল মিরু, মেহেদি হাসান তরু সহ বাংলাদেশ কমেডি ক্লাবের অন্যান্য সদস্য।

শো শেষে রনি বলেন— \"হাসি শুধু বিনোদন নয়, এটি এক ধরনের থেরাপি। শেখা আর ভাগাভাগির অসাধারণ মাধ্যমও বটে। ‘School of Comedy’ সেই ভাবনাকেই বাস্তবায়ন করবে। আমরা চাই মানুষ নতুন করে শিখুক কীভাবে মন খুলে হাসতে হয় এবং সেই হাসি চারপাশে ছড়িয়ে দিতে হয়।\"