জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিও শোক জানিয়েছেন।


শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর সময় দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেন। আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হবে।


তিনি আরও জানান, ৩০ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।


মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।