জাতীয় বেতন কমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি বৈষম্য ও অবজ্ঞার প্রতিবাদে এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “পার্শ্ববর্তী দেশগুলোর মাথাপিছু আয় আমাদের থেকে কম হলেও সেখানে শিক্ষকদের সম্মান আমাদের দেশের শিক্ষকদের থেকে বেশি। আমাদের শিক্ষকদেরও সম্মানজনক অবস্থানে রাখা হোক। আমরা আশা করি, সরকার এই বিষয়ে প্রয়োজনীয় সংস্কার করবে।”
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “উপদেষ্টামণ্ডলীর মধ্যে তিনজন শিক্ষক থাকলেও কীভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, তা আমরা জানতে চাই। সরকারের কাছে আমরা লিখিতভাবে আমাদের দাবিসমূহ জানাব।”
সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন সংক্রান্ত সাব-কমিটি তিনটি ‘টার্মস অব রেফারেন্স’ (টিওআর) তৈরি করেছিল—মেধাবী শিক্ষকদের আকর্ষণ, মেধাবীদের দেশেই ধরে রাখা এবং গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া। কিন্তু এই তিনটি লক্ষ্যই গ্রহণ করা হয়নি।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আলোকপাত করে বলেন, “আপনারা কি চাইছেন না বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষকরা আসুক এবং গবেষণা ও উদ্ভাবন বৃদ্ধি পাক? ভারতের মতো প্রতিবেশী দেশে শিক্ষকদের বেতন আমাদের চেয়ে ৬ গুণ বেশি। তাহলে আমাদের দেশে এই অবস্থার কারণ কী? জাতীয় বেতন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি যে বৈষম্য ও অবজ্ঞা প্রদর্শন করেছে, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”





