স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান।
সাক্ষাৎকালে প্রশাসকরা দায়িত্ব পালনকালে মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং নিজ নিজ সিটিতে সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।





