বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানা হবে না এবং এর সব দায়-দায়িত্ব সরকারের ওপরই পড়বে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ বলেন, স্বাক্ষরিত সনদের বাইরে কিছু দল অযৌক্তিক দাবি তুলছে এবং নতুন নতুন ইস্যু সৃষ্টি করছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের সীমার বাইরে গিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
বৈঠকে বলা হয়, এক বছরের আলোচনার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে, কিছু নোট অব ডিসেন্টসহ, জুলাই জাতীয় সনদে ১৭ অক্টোবর স্বাক্ষর করা হয়। সংবিধান ও আইন অনুযায়ী সনদ বাস্তবায়নে সব পক্ষ অঙ্গীকারবদ্ধ থাকে।
বিএনপি অভিযোগ করেছে, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন। এটি বিভ্রান্তিকর এবং ঐকমত্যভিত্তিক সিদ্ধান্তকে অগ্রাহ্য করার মতো।
সংবাদ সম্মেলনে বলা হয়, যদি সরকার সনদের বাইরে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তবে সনদে স্বাক্ষরকারী কোনো পক্ষ তা মান্য করবে না এবং এর সব দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।





