স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
বৃহস্পতিবার (২৬ মার্চ)  রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

আয়োজিত কর্মসূচিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র অঙ্কন, সমবেত কন্ঠে দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ প্রদর্শন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, “স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ইতিহাস রচনার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের জন্ম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এটি অনস্বীকার্য সত্য, যার বিকৃতি গ্রহণযোগ্য নয়।

তিনি নতুন সরকারের কাছে নৈতিকতা ও জনকল্যাণভিত্তিক শাসনের প্রত্যাশা করেন এবং রাজনৈতিক দলগুলোর ঐক্য ও সংসদে গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাকসুর পক্ষ থেকে আমরা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৭১-এর চেতনা তুলে ধরার চেষ্টা করেছি। ৭১ টি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে এই আয়োজন।\"

তিনি আরও বলেন, \"একপাক্ষিক ইতিহাস থেকে আমাদের বের হয়ে মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরা এবং সবার অবদানকে যথাযথ সম্মান দেওয়া জরুরি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা রাখি।”


এসময় আয়োজনটিতে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড সোহেল আহমেদ,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসলাম,তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. লুৎফুল এলাহী,জাকসুর সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান, পরিবহন সম্পাদক তানভীর রহমান, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনরা।