ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইরে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে থাকা স্মৃতিস্তম্ভে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। ৫ আগস্টের ঘটনায় সে ছবি ক্ষতিগ্রস্ত হলে সেখানে মীর মুগ্ধের ছবি বসানো হয়। নতুন সেই ছবিতেই কালি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ছবিতে কালি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।





