প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান বলেছেন, স্যাটায়ারের লুক কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার লুকের মতো হওয়া অপরাধ।


বুধবার সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, সামাজিক মাধ্যমে একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে, যা তার কাছে উদ্বেগজনক মনে হয়। প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমের মতো করে লোগো তৈরি করে, দূর থেকে দেখতে যেন সেটি আসল মনে হয়—এভাবে ভিন্ন নামে খবর প্রকাশ করা হচ্ছে, যা এক ধরনের স্যাটায়ার।


তিনি বলেন, এসব কনটেন্ট মারাত্মকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অনেক সচেতন মানুষও এগুলো শেয়ার করছেন বা রেফার করছেন। কেউ স্যাটায়ার করতেই পারেন, তবে সেটির উপস্থাপন কোনোভাবেই প্রতিষ্ঠিত মিডিয়ার মতো হওয়া উচিত নয়। তার মতে, এটি একটি অপরাধ। বিষয়টি দ্রুত একটি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে।


তিনি আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় কয়েকটি ধাপ রয়েছে—এগুলো শনাক্ত করা, ভ্রান্তি দূর করা এবং সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া।


উপদেষ্টা জানান, সামাজিক মাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। “নিউ মিডিয়া সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার কার্যক্রমের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা জোরদারকরণ” শীর্ষক এ প্রকল্পের মাধ্যমে সঠিক তথ্যও প্রচার করা হবে।


তিনি বলেন, একটি নীতিমালা ও আইনের আওতায় থেকে বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা করতে চায় সরকার। মানুষকে সচেতন করার পাশাপাশি এটিও বোঝানো হবে যে, এ ধরনের কাজ অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ।


এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।