স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চল জামোরার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড ডিয়োগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভা। মাত্র ২৮ বছর বয়সে এই প্রতিভাবান ফুটবলারের অকাল মৃত্যুতে ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোক।


লিভারপুল এক বিবৃতিতে জানায়, “ডিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুর খবরে আমরা শোকাহত। আমাদের জানানো হয়েছে, ২৮ বছর বয়সী জোটা স্পেনে সড়ক দুর্ঘটনায় তার ভাই আন্দ্রের সঙ্গে নিহত হয়েছেন। এই কঠিন সময়ে ক্লাব আর কোনো মন্তব্য করবে না এবং সবাইকে অনুরোধ করা হচ্ছে, জোটা ও আন্দ্রের পরিবার, বন্ধু, সতীর্থ এবং ক্লাব স্টাফদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে।”


পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, “ডিয়োগো ও আন্দ্রের মৃত্যুতে পর্তুগিজ ফুটবল সমাজ শোকাহত। আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ৫০টি ম্যাচ খেলা জোটা শুধু মাঠেই নন, ব্যক্তি জীবনেও সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এক উদ্দীপনাময় চরিত্র এবং কমিউনিটির জন্য ছিলেন অনুপ্রেরণা। তাদের মৃত্যু অপূরণীয় ক্ষতি।”


পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেছেন, “জাতীয় গৌরব বাড়ানো এক ক্রীড়াবিদের এমন অপ্রত্যাশিত মৃত্যু হৃদয়বিদারক। জোটা ও তার ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আজ পর্তুগাল ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের জন্য এক শোকাবহ দিন।”


পোর্তোর একাডেমিতে বেড়ে ওঠা জোটা ও তার ভাইয়ের মৃত্যুর খবরে ক্লাবটি জানায়, “ডিয়োগো জোটা এবং আমাদের যুব দলে খেলা তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে আমরা শোকাহত। তাদের আত্মার শান্তি কামনা করছি।”


মাত্র কয়েক বছর আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের জায়গা করে নেওয়া ডিয়োগো জোটা ইতোমধ্যে হয়ে উঠেছিলেন দলের গুরুত্বপূর্ণ ভরসা। তার আকস্মিক প্রস্থান বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।