এশিয়া কাপের মিশনে যাত্রা শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস, ফলে প্রথমে ব্যাট করবে হংকং।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
চলতি আসরের জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। ঢাকার পর সিলেটেও হয়েছে প্রস্তুতি ক্যাম্প। পাওয়ার হিটিংয়ে উন্নতির জন্য বিশেষভাবে জুলিয়ান উডের অধীনে অনুশীলন করেছেন লিটন, শান্তরা। সম্প্রতি টানা তিনটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই তারা এসেছেন সংযুক্ত আরব আমিরাতে।
অন্যদিকে, আফগানিস্তানের কাছে ৯৪ রানে হেরে আসা হংকংয়ের জন্য এটি টিকে থাকার লড়াই।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ ও হংকং মাত্র একবার মুখোমুখি হয়েছে—২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার চট্টগ্রামে ২ উইকেটে জিতেছিল হংকং, তাই টাইগারদের জন্য রয়েছে পুরোনো হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও।





