দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত শায়খ সালেহ আল-ফাওজান-এর হাজার হাজার ফতোয়া, দরস, জুমার খুতবা ও লেকচার এখন আর অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না।

১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর সৌদি আরবের আল-কাসিম প্রদেশে জন্ম নেওয়া ড. আল-ফাওজান, স্থানীয় ইমামের তত্ত্বাবধানে কুরআন অধ্যয়ন করেন। পরবর্তীতে রেডিও ও টেলিভিশনে নিয়মিত উপস্থিতির মাধ্যমে তিনি একজন খ্যাতিমান ধর্মপণ্ডিত হিসেবে পরিচিত হন। তার ফতোয়া ও ধর্মীয় নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়ে আসছিল।

ড. আল-ফাওজান ইসলামি ফিকহ, আকিদাহ ও শরিয়াহ আইন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থগুলো বিশ্বব্যাপী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। তার দাওয়াতি কাজ ও শক্তিশালী শরিয়াহভিত্তিক চিন্তাধারা মুসলিম বিশ্বে তাকে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে।

তবে সম্প্রতি তার অফিসিয়াল ওয়েবসাইট (alfawzan.af.org.sa) এবং সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করা হয়েছে। ফলে মুসলিম উম্মাহর জন্য উন্মুক্ত থাকা এক বিশাল ইলমি ভান্ডার অনলাইন থেকে হারিয়ে গেছে।

ডিলিট হওয়া কনটেন্টগুলোর মধ্যে রয়েছে: ১১,৭৮৩টি ফতোয়া, ১,৯৪৪টি দরস, ১৮৪টি জুমার খুতবা এবং ৫৭৮টি বিশেষ লেকচার। এসব কনটেন্ট ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করত।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ধারণা করেছেন, হয়তো এই অ্যাকাউন্টগুলো ভক্তদের দ্বারা পরিচালিত ছিল। কিন্তু পূর্বে যাচাই করা হয়েছে, শায়খ আল-ফাওজান নিজেই এগুলোকে অফিসিয়াল মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

কেন হঠাৎ সব প্ল্যাটফর্ম থেকে এই কনটেন্টগুলো সরিয়ে নেওয়া হলো, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। শায়খ আল-ফাওজানও এ বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। এই ঘটনায় অনুসারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন