হঠাৎ মাথা ঘোরার কারণে অনেক সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। চিকিৎসকরা বলছেন, নানা কারণে মাথা ঘোরা দেখা দিতে পারে। বিশেষ করে কানের ভেতরের ভেস্টিবুলোককলিয়ার নামক স্নায়ুর সমস্যার কারণে এ উপসর্গ বেশি দেখা যায়।

অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অন্তঃকর্ণে প্রদাহ বা রক্তনালির জটিলতা, মেনিয়ারস রোগ, দৃষ্টিগত সমস্যা কিংবা চলন্ত গাড়ি বা ট্রেন থেকে তাকালে মাথা ঘুরতে পারে। এছাড়া অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, ঘাড় বা মাথার রক্তনালিতে বাধা, মস্তিষ্কে টিউমার, ভাইরাসজনিত ভেস্টিবুলার নিউরাইটিস, আঘাতজনিত ক্ষতি, রক্তে চিনির মাত্রা কমে যাওয়া বা পানিশূন্যতার কারণেও মাথা ঘোরার ঝুঁকি থাকে। এ সময় কানের ভেতরে শোঁ শোঁ বা দপ দপ শব্দও হতে পারে।

যা করবেন:
আচমকা মাথা ঘুরলে বসে পড়া বা শুয়ে পড়াই ভালো। বিশেষ করে ‘বিনাইন পজিশনাল ভার্টিগো’ রোগীদের জন্য চিত হয়ে সামান্য উঁচু বালিশে শোয়া উপকারী। হঠাৎ ঘাড় বা মাথার অবস্থান পরিবর্তন না করা, চোখ বন্ধ করে সহজভাবে শ্বাস নেওয়া, গাড়ি চালানোর সময় মাথা ঘুরলে সঙ্গে সঙ্গে থেমে যাওয়া এবং নিয়মিত খাবার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অবহেলা নয়:
চিকিৎসকদের মতে, মাথা ঘোরার বিষয়টি অবহেলা করা যাবে না। উপসর্গ কখন, কীভাবে শুরু হয়, কতক্ষণ স্থায়ী হয় এবং এর সঙ্গে কানের সমস্যা বা অজ্ঞান হওয়ার মতো ঘটনা যুক্ত আছে কি না, সেসব তথ্য চিকিৎসককে জানালে সঠিক রোগ নির্ণয় সহজ হয়।