হরমুজ প্রণালির দিকে একটি মার্কিন ডেস্ট্রয়ার অগ্রসর হচ্ছে বলে দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজ প্রণালির দিকে এগোলে তা ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারিতে আসে।
তিনি আরও জানান, বিষয়টি দ্রুত পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচক দলকে অবহিত করা হয়।
এদিকে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক অজ্ঞাত সূত্রের বরাতে এ দাবি অস্বীকার করেছে।
মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডার-এর তথ্য অনুযায়ী, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস মাইকেল মারফি’ দুবাইয়ের জেবেল আলি বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালির পশ্চিমাংশের কাছাকাছি অবস্থান করছে। জাহাজটির গন্তব্য হিসেবে ‘সিঙ্গাপুর’ দেখানো হয়েছে।
ঘটনাটি এমন সময়ে ঘটছে, যখন ইরান জানিয়েছে, চলমান পরিস্থিতিতে তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না।





