হরমুজ প্রণালি পুনরায় চালু হলেও বৈশ্বিক তেলের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব নয়।
তিনি বলেন, “সংকটটি গভীর। এই সময়ে বিপুল পরিমাণ তেল বাজারে পৌঁছাতে পারেনি এবং হরমুজ প্রণালিতে বহু জাহাজ আটকে রয়েছে। ফলে বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে সময় লাগবে—আমাদের ধারণা, অন্তত কয়েক মাস।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয় তেহরান। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জ্বালানি পরিবহন ব্যাহত হয় এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ে।
বর্তমানে সংঘাত কিছুটা স্থগিত থাকলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।





