হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। ইউরোপ ও এশিয়ার রিফাইনারিগুলোকে কিছু নির্দিষ্ট গ্রেডের তেলের জন্য এখন ব্যারেলপ্রতি প্রায় ১৫০ ডলার পরিশোধ করতে হচ্ছে, যা ইতিহাসে নতুন রেকর্ড।
পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে দৈনিক প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ বন্ধ হওয়ায় বৈশ্বিক সরবরাহের প্রায় ১২ শতাংশ কমে গেছে। হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের ঘাটতি সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার প্রাইস গত মাসে ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। তবে ফিজিক্যাল মার্কেটে বর্তমান সরবরাহের জন্য দাম অনেক চড়া, যা কাগজে-কলমের ফিউচার প্রাইসের চেয়ে অনেক বেশি।
মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরোপ ও এশিয়ার রিফাইনারিগুলো বিকল্প উৎস খুঁজতে প্রতিযোগিতা চালাচ্ছে। এর ফলে আফ্রিকা ও ইউরোপের কিছু তেলের গ্রেডের দাম তাৎক্ষণিক সরবরাহের ক্ষেত্রে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।





