বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম. সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর এবং জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির অ্যাডভোকেট নুরুজ্জামান লস্করের নির্দেশক্রমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। তার পক্ষে শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকায় কমিটি স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, “ওই কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছিলেন না। সতর্কতা নিশ্চিত করতে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।”
উল্লেখ্য, ওই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে বিএনপি আসনটি জোটের শরিকদের জন্য ছেড়ে দেয়। এরপর সেখানে বিএনপি জোটের প্রার্থী হন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, যিনি খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন। অন্যদিকে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীকে লড়ছেন।





