ফেনী জেলা কারাগারে বন্দী থাকা এক যুবলীগ নেতাকে প্যারোলে মুক্তি দিয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিতে দেওয়া হয়েছে। ওই নেতার নাম ইয়াছিন শরীফ মজুমদার, যিনি পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক। সোমবার বেলা ১১টায় পরশুরাম পৌরসভার অনন্তপুর সলিয়া কোলাপাড়া ঈদগাহ মাঠে তাঁর বাবার জানাজা অনুষ্ঠিত হয়।


এর আগে রোববার দুপুরে ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম (৭৭) বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান। পরে তাঁর স্ত্রী নাজিয়া সুলতানা প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ইয়াছিন শরীফ মজুমদারকে বাবার জানাজা ও দাফনে অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।