ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ওই আসনে প্রার্থী না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাইযোদ্ধা সালাউদ্দিন আম্মার। তিনি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওই আসনে একজন প্রার্থী দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। উল্লেখ্য, শহীদ হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর তার পরিবার স্পষ্টভাবে জানিয়েছে, পরিবারের কেউ নির্বাচনে অংশ নেবেন না। একই সঙ্গে ইনকিলাব মঞ্চ থেকেও এখন পর্যন্ত ঢাকা-৮ আসনে কোনো প্রার্থী ঘোষিত হয়নি কিংবা মনোনয়নপত্র কেনা হয়নি। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র কেনার শেষ দিন।

ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার শহীদ হাদির পরিবারের সদস্যদের উদ্দেশে লেখেন, হাদির পরিবারের পক্ষ থেকে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানানো হলেও বহু মানুষ চান হাদির আদর্শ, লড়াই ও ইনসাফের বার্তা সংসদে পৌঁছাক। তিনি বলেন, হাদির রক্ত ও বিপ্লবী চেতনা যেন রাজনৈতিকভাবে হারিয়ে না যায়, সেটিই তাদের প্রত্যাশা।

তিনি আরও লেখেন, গত কয়েক দিনে হাদি চত্বরে মানুষের কান্না, আকুতি ও প্রত্যাশা তিনি প্রত্যক্ষ করেছেন। ইনকিলাব মঞ্চের আনুষ্ঠানিক সদস্য না হলেও হাদির ইনসাফের লড়াইয়ের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি এই আহ্বান জানাচ্ছেন বলে উল্লেখ করেন।

সালাউদ্দিন আম্মার বলেন, শহীদ হাদির বিচার যেমন জরুরি, তেমনি তার রাজনৈতিক লড়াই ও আদর্শকে বাঁচিয়ে রাখাও গুরুত্বপূর্ণ। ঢাকা-৮ আসন যেন আবার দখলদার ও দুর্নীতিবাজদের হাতে না চলে যায়, সে বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে লেখেন, নির্বাচনের পর শহীদ হাদির নাম ও আদর্শকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে মুছে ফেলার চেষ্টা হতে পারে। এমন পরিস্থিতিতে হাদির লড়াইকে টিকিয়ে রাখতে হলেও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, শহীদ হাদি শারীরিকভাবে না থাকলেও তার আদর্শ ও চেতনা মানুষের মনে জায়গা করে নিয়েছে। হাদির লড়াইকে পরাজিত হতে না দিয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একজন প্রতিনিধি সংসদে পাঠানোর জন্য তিনি হাদির পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের কাছে আবারও অনুরোধ জানান।