ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক ও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সিটি স্ক্যানের পর এক ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. মো. আব্দুল আহাদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে গুলির বেশিরভাগ অংশ অপসারণ করা হয়েছে। তবে স্প্লিন্টারের কিছু অংশ এখনও মস্তিষ্কে রয়ে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে।
তিনি বলেন, সকালে করা পুনরায় সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। একই সঙ্গে তার কিডনির কার্যক্ষমতাও এক পর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল, যদিও পরে তা কিছুটা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে।
ডা. আব্দুল আহাদ জানান, হাদিকে খুব কাছ থেকে ও অত্যন্ত দক্ষতার সঙ্গে গুলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ রক্তনালির খুব কাছ দিয়ে গুলি প্রবেশ করেছে। গুলির বড় অংশ সরানো সম্ভব হলেও অস্ত্রোপচারের পরও কিছু স্প্লিন্টার মস্তিষ্কে রয়ে গেছে। বর্তমানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার ফুসফুসের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
তিনি আরও বলেন, হাদি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই অবস্থায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে নেওয়া হবে কি না, সে বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে বিদেশে চিকিৎসার জন্য তার কেস সামারি পাঠানো হয়েছে।
এদিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে তাদের মোবাইল নম্বর ও বাসার ঠিকানা ছড়িয়ে পড়ায় অনিরাপত্তা বেড়েছে বলে তারা জানিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে।





