ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও ছয় দিন সময় দিয়েছে আদালত।
\r\nসোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডি ঢাকা মেট্রো (পূর্ব) এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন জমা দিতে পারেননি। এ কারণে সময় আবেদন করা হলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ১৫ ফেব্রুয়ারি নতুন দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান।
\r\nএর আগে হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। তবে অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে নারাজি দাখিল করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে আদালত মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব সিআইডিকে দেয়।
\r\nসিআইডি তদন্তভার পাওয়ার পর মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তার করে। তাকে দুই দফায় মোট নয় দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।
\r\nজুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে তাকে গুরুতর আহত করা হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
\r\nহাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করা হয়, যা পরে হত্যা মামলায় রূপ নেয়। তদন্ত শেষে ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা এবং আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়েছে।
\r\nঅভিযুক্তদের মধ্যে ফয়সাল করিম মাসুদসহ পাঁচজন এখনও পলাতক রয়েছেন। এদিকে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।





