ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত মিথ্যা অভিযোগ ছড়ানোর জন্য এনসিপির নেতা হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েম–কে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে


সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন নাছির এ আহ্বান জানান। তিনি বলেন, হাতিয়া সংক্রান্ত অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হলেও স্থানীয় পুলিশ, হাসপাতালের চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী তা ভিত্তিহীন এবং অসত্য প্রমাণিত হয়েছে। সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকে তিনি নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন হিসেবে উল্লেখ করেন।


নাছির উদ্দীন নাছির বলেন, নথিভুক্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে অন্যত্র ঘটনার সঙ্গে যুক্ত থাকার দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থি। হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে দুই ঘণ্টার বেশি সময় লাগে, তাই একই সময়ে দুই স্থানে উপস্থিত থাকার অভিযোগ সুস্পষ্টভাবে অসঙ্গত।


তিনি আরও জানান, ঘটনার প্রেক্ষিতে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনা সম্পর্কে ভিন্ন মাত্রা এবং বাস্তবতা স্পষ্ট করছে। ধর্ষণের মতো গুরুতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা এবং মিথ্যা অপপ্রচার চালানো শুধু নৈতিক অবক্ষয়েরই পরিচয় নয়, সামাজিক স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক।


নাছির উদ্দীন নাছির স্পষ্ট দাবি করেন, সংশ্লিষ্ট এনসিপি নেতারা দেশের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন, মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করুন এবং রাজনৈতিক স্বার্থে সংবেদনশীল বিষয় ব্যবহারের সংস্কৃতি চিরতরে বন্ধ হোক।