জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিয়েছেন তার স্কুলজীবনের বন্ধুরা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অর্থ তুলে দেওয়া হয়।

আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রবাসে অবস্থানরত ও দেশে থাকা ২০১৪ ব্যাচের বন্ধুরা সম্মিলিতভাবে এই অর্থ সংগ্রহ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার সাকিব, আহম্মেদ শুভ, মহতাদির যারিফ সিক্তসহ ওই ব্যাচের আরও অনেকে। পাশাপাশি দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন আল-আমিন, সিক্ত, সাইফুল, ফয়সাল, সাকিবুল ইসলাম, সাগর, শুভ, শাহিন, আশরাফুল ও আজিমসহ অন্যান্য বন্ধুরা। বক্তারা বলেন, এই সহযোগিতা বন্ধুত্ব, আস্থা ও ভালোবাসার প্রতীক। তারা আশা প্রকাশ করেন, হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হলে দেবিদ্বারের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

এ সময় বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারে স্বচ্ছতা, স্পষ্টতা ও জবাবদিহিতামূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। তিনি বলেন, “দিনশেষে সবাই আমার রাজনীতির সঙ্গে একমত নাও হতে পারেন। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে আমি সবসময় দৃঢ় থাকব—এটা শতভাগ নিশ্চয়তা দিতে পারি।”

নিজের শৈশব ও বেড়ে ওঠার স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, দেবিদ্বারের মানুষ, রাস্তাঘাট ও বাস্তবতা সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, এসব কাজে দলমতের ঊর্ধ্বে উঠে সবার সহযোগিতা প্রয়োজন।

অতীতের সমালোচনা ও কটূক্তির প্রসঙ্গ উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাকে বলা হয়েছিল তিনি উল্লেখযোগ্য ভোট পাবেন না, এমনকি তার বিরুদ্ধে জুতা মিছিলও হয়েছে। “কিন্তু আমার বিশ্বাস ছিল, রেয়াজ উদ্দিনের বন্ধুরা যদি পাশে থাকে, তাহলে আর কাউকে খুঁজতে হবে না,” বলেন তিনি।

রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সমর্থনের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার অঙ্গীকার করেন।

দেবিদ্বারকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবারতন্ত্রের বাইরে যোগ্যতা ও সততার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। “মেধা, দক্ষতা ও মানুষের সঙ্গে সম্পৃক্ততা থাকলে দেবিদ্বারের মানুষ তাকেই গ্রহণ করবে,” যোগ করেন তিনি।

সবশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেবিদ্বার গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন হাসনাত আব্দুল্লাহ।