সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “শেখ হাসিনার ভূমিমন্ত্রীর কানাডায় ৩৬০টি বাড়ি রয়েছে। মানুষের শরীরে ২০৬টি হাড় থাকে, মৃত্যুর পর যদি প্রতিটি হাড় আলাদা করে একেকটি বাড়িতে কবর দেওয়া হয়, তবু শতাধিক বাড়ি খালি থেকে যাবে। এভাবেই জনগণের টাকা লুটপাট হয়েছে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক রাজনৈতিক সভায় এসব কথা বলেন এনসিপি নেতা সারজিস আলম।
সভায় জুলাই সনদ নিয়ে তিনি বলেন, “প্রায় ৩০-৪০ বছর আগে একবার গণভোট হয়েছিল, আবারও সামনে গণভোট হবে। যেসব নিয়ম-কানুনের কারণে শেখ হাসিনা ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে উঠেছেন, সেগুলো পরিবর্তন জরুরি। জুলাই সনদে বলা আছে, কীভাবে সরকারের ক্ষমতার সঙ্গে জনগণের ভারসাম্য তৈরি করা যায়, এবং যাতে ভবিষ্যতে কোনো সরকার স্বৈরাচারে পরিণত না হয়।”
তিনি আরও বলেন, “আমরা যে দলেরই হই না কেন, দেশের স্বার্থের আগে কোনো দল বড় নয়। দেশের মানুষ, তাদের অধিকার ও নাগরিক সুবিধাই সবার আগে।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সারজিস আলম বলেন, “১৮-২০ কোটি মানুষের অধিকারের চেয়ে কোনো দল বড় হতে পারে না। তাই গণভোটের দিন সবাইকে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”
সভায় স্থানীয় এনসিপি নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।





