জুলাই হত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার তারিখ এ মাসের ১৩ নভেম্বর নির্ধারণ করা হবে। রায়কে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।


রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও হাইকোর্ট–আপিল বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করেন, যেখানে গুরুত্বপূর্ণ মামলার বিপুলসংখ্যক নথি সংরক্ষিত থাকে।


সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির প্রবেশপথসংলগ্ন এলাকায় বহিরাগতদের চলাচল বেড়ে যাওয়ায় নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।


এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কমপ্লেক্স, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতের জন্য জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।