জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এই মামলায় ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং গ্রেফতার হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন তিনজন আসামি রয়েছেন।
আদালত জানিয়েছে, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি সফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সর্বোচ্চ শাস্তির আবেদন করেছেন। অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন, তিনি আশা করছেন ট্রাইব্যুনাল তাদের খালাস দেবে। তিনি বলেন, অনুপস্থিত আসামিদের পক্ষেও তিনি যথাসম্ভব যুক্তি উপস্থাপন করেছেন এবং মামলা পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন।
মামলায় তিন আসামির বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। ২৮ কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। গ্রেফতার আসামি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ইতিমধ্যেই রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আগস্টে ট্রাইব্যুনাল এই পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছিল। এর আগে ১২ মে আইসিটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছিল।





