লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ সংশ্লিষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাতিজা আলি ইউসুফ হারশি এই হামলায় নিহত হয়েছেন।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, বৈরুতের তাল্লেত খায়াত এলাকায় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়ের বাইরে অবস্থিত।


এর আগে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমকে হত্যার দাবি করেছিল ইসরায়েল, যদিও পরে তারা সেই দাবি সংশোধন করে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।


এদিকে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।


উল্লেখ্য, বুধবার বৈরুতসহ লেবাননের বিভিন্ন অঞ্চলে মাত্র ১০ মিনিটের ব্যবধানে প্রায় ১০০টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং প্রায় ১২০০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার।