হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মেটা আনছে নতুন ও আকর্ষণীয় একটি ফিচার—স্বয়ংক্রিয় মেসেজ অনুবাদ। ভাষাগত বাধা দূর করতে এবং যোগাযোগ আরও সহজ করতে এই উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ৬টি এবং আইফোনে ১৯টি ভাষায় এই অনুবাদ সুবিধা চালু হচ্ছে। ভবিষ্যতে আরও ভাষা যুক্ত করা হবে।
মেটা এক ব্লগপোস্টে জানায়, অনুবাদ ফিচারটি ব্যবহারকারীর গোপনীয়তা সম্পূর্ণ রক্ষা করবে। কারণ অনুবাদের প্রক্রিয়া সম্পন্ন হবে সরাসরি ডিভাইসেই—ফলে ব্যবহারকারীর কোনো তথ্য হোয়াটসঅ্যাপ সার্ভারে পাঠানো হবে না।
এই ফিচার ব্যবহারের জন্য কোনো জটিল সেটআপের প্রয়োজন নেই। শুধু মেসেজে চাপ দিয়ে ধরে রাখলেই ‘ট্রান্সলেট’ অপশন দেখা যাবে। ভাষা নির্বাচন করলেই অনুবাদ দেখানো হবে।
হোয়াটসঅ্যাপ ডিভাইসে প্রাসঙ্গিক ভাষার ফাইল আগেই ডাউনলোড করে রাখবে, ফলে অনুবাদ হবে অফলাইনে। এর মাধ্যমে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের সুরক্ষা অক্ষুণ্ন থাকবে।
এই ফিচারটি ব্যক্তিগত চ্যাট, গ্রুপ এবং চ্যানেল আপডেট—সবখানেই কাজ করবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের সব মেসেজ নিজে থেকেই অনুবাদ হয়ে যাবে।
তবে, সব ব্যবহারকারীর জন্য এই সুবিধা এখনই চালু হচ্ছে না। ধাপে ধাপে এটি উন্মুক্ত করা হবে। এ কারণে হোয়াটসঅ্যাপ অ্যাপটি সর্বশেষ সংস্করণে হালনাগাদ রাখা জরুরি। পুরোনো ডিভাইসগুলোতে রিয়েল-টাইম অনুবাদে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে।
বর্তমানে এই ফিচার কেবল মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। ডেক্সটপ বা ওয়েব সংস্করণের জন্য এখনো কোনো ঘোষণা দেয়নি মেটা।





