ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ, চিকিৎসা সুবিধা এবং সংসদ অধিবেশন চলাকালীন অডিও বিভ্রাটের বিষয় গুরুত্ব পায়। জানানো হয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ সম্পন্ন করা হবে।
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি জানান, সংসদ সদস্যদের কাজের সুবিধার্থে তাদের সংসদের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সব সদস্যকে আবাসনের আওতায় আনা সম্ভব হবে এবং ১০ এপ্রিলের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে।
তিনি আরও বলেন, সংসদ অধিবেশনে অডিও বিভ্রাটের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ৩ এপ্রিল প্রতিবেদন জমা দেবে।
এদিকে, বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে নানা প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।





