জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে চাই তারা। যদি তা না হয়, তিনি রাজনীতিই ছাড়বেন।
এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, “আমরা ১০ বছরের লক্ষ্য নির্ধারণ করেছি। আমি বিশ্বাস করি, এই সময়ের মধ্যে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব এবং সরকার গঠন করব।”
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের গঠিত এই নতুন রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা নিয়েই রাজনীতিতে প্রবেশ করেছে। নাহিদ বলেন, “আমরা প্রথম থেকেই সামষ্টিক দৃষ্টিকোণ নিয়ে রাজনীতি করি। ব্যক্তি বা নিজেকে কেন্দ্র করে কখনো চিন্তা করি না। এখন বহু মানুষের জীবন এ উদ্যোগের সঙ্গে জড়িত। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনাই আমাদের পথপ্রদর্শক।”
নাহিদ আরও জানান, “১০ বছরের মধ্যে যদি আমরা ক্ষমতায় যেতে না পারি, আমি আর রাজনীতি করব না। এই সময়টাই আমার লক্ষ্য। এই সময়ের মধ্যে আমি দলটিকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং জনগণকে ক্ষমতায়িত করতে চাই।”
এনসিপি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে তাদের কার্যক্রম শুরু করেছে। নাহিদ বিশ্বাস করেন, সীমিত সময়ের মধ্যেও দল ইতোমধ্যেই দীর্ঘ পথ পেরিয়েছে। তিনি বলেন, “আমরা যা অর্জন করেছি, সেটা অনেক রাজনৈতিক দল ১৫-২০ বছরে অর্জন করে। গণঅভ্যুত্থান আমাদের ১০-১৫ বছর এগিয়ে দিয়েছে। এখন দায়িত্ব আমাদের, আমাদের দক্ষতা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার উপর নির্ভর করছে।”





