বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। তাই আগামী ১২ ফেব্রুয়ারি তিনি ফ্যাসিবাদ কবর দেওয়ার আহ্বান জানিয়েছেন।


রোববার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের উপর ব্যবহৃত হবে, এ প্রশ্নকে সামনে রেখে ফ্যাসিবাদকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত জরুরি।


ডা. শফিকুর রহমান বলেন, “‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, আর ‘না’ মানে দাসত্ব। এই লড়াই চলবে যতদিন পর্যন্ত স্বাধীনতা অর্জিত হবে। বিজয় নিশ্চিত।” তিনি আরও বলেন, জনগণ আর “বস্তাপচা রাজনীতি” দেখতে চায় না, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ এখন মানুষের একমাত্র দাবি। যারা এই দাবি বোঝে না, ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের শিক্ষা দেবে।


চাঁদাবাজি নিয়ে তিনি বলেন, এটি কোনো পেশা হতে পারে না। কেউ চাঁদাবাজের বাবা-মা বা সন্তান হতে চায় না। যারা এই পথে জড়িত, তাদেরকে সম্মানজনক পেশায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, না ফিরলে তাদের জন্য ‘লাল কার্ড’ দেখানো হবে।


ডা. শফিকুর রহমান কওমি মাদরাসার শিক্ষার্থীদের ত্যাগও স্মরণ করেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছেন, কিন্তু অতীতের সরকার তাদের অবহেলা করেছে। জামায়াত ক্ষমতায় এলে কওমি মাদরাসার শিক্ষার্থীদের আর কোনো অবহেলা হবে না।


ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারও করেন তিনি। বলেন, দাড়িপাল্লা নিয়ে মাঠে নেমে সাধারণ মানুষ থেকে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কেউ মামা-চাচার প্রভাবে অপরাধে বাঁচতে পারবে না, এই সংস্কৃতির অবসান ঘটানো হবে।


জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।