সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যানজটে তিন ঘণ্টা আটকে থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে এসে ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকায় পৌঁছান। তার সফরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, ঢাকায় বসে কাজ করার বদলে সড়কের সমস্যার সমাধানে মন্ত্রণালয়ের ১২ জন কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ দায়িত্বে অবহেলা করলে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ফাওজুল কবির বলেন, যানজটের মূল কারণ ট্রাফিক ব্যবস্থাপনায় গাফিলতি। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, বিশ্বরোড মোড়ে একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের ডিজাইনসহ প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।
যানজটের কারণে রেলপথে যাত্রীচাপ বেড়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, “এই পরিস্থিতির দ্রুত সমাধান করা হবে।”
এর আগে তিনি সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে ভৈরব পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে আশুগঞ্জে যান। সকাল সোয়া ১০টায় আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে সোহাগপুর, সোনারামপুর ও বেড়তলা এলাকায় তীব্র যানজটে পড়েন। পরে বাহাদুরপুর থেকে প্রায় ছয় কিলোমিটার পথ মোটরসাইকেলে অতিক্রম করে তিনি গন্তব্যে পৌঁছান।
পরিদর্শনের সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সেতু মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





