চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি। ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে সরওয়ার জামাল নিজাম বলেন, চাতুরী আনোয়ারা এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এখানে ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনীতি নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। তাই দুই হাত জোড় করে তিনি অনুরোধ করেন, “এই ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না।”
বিএনপির নাম ন্যাস্ত করার চেষ্টা বা অন্য কোনো অপকর্মের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।





