আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১০ দলীয় জোটের সংসদ প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ৩৬ দিনের গণআন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ছিল রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত বিদ্রোহ এবং নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক লড়াই।


\r\n

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জে ১০ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

\r\n

ফুয়াদ বলেন, ওই আন্দোলনটি তরুণ সমাজের নেতৃত্বে গড়ে উঠেছিল, যারা আগে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। কোটি কোটি তরুণ বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে বলেছিল, “এই বাংলাদেশ আমরা চাই না, আমরা একটি নতুন বাংলাদেশ চাই।” তিনি যোগ করেন, বিশ্ববিদ্যালয় থেকে মেধার শীর্ষে থাকলেও রাজনৈতিক পরিচয় বা আত্মীয়ের সুপারিশ ছাড়া চাকরি পাওয়া যায় না- এ ধরনের বৈষম্যই আন্দোলনের ‘বুকের ভেতরের ঝড়’ সৃষ্টি করেছে।


\r\n

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে দালাল ছাড়া চিকিৎসা মেলে না, কৃষক ন্যায্য মূল্যে সার ও বীজ পায় না, প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট হয় না। এই ধরনের অব্যবস্থা ও জুলুমের প্রতিবাদে ২০২৪ সালের গণআন্দোলন গড়ে উঠেছিল।


\r\n

ফুয়াদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীর যোগসাজশে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, “এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা স্পষ্ট করে জানিয়েছেন-এমন বাংলাদেশ আমরা চাই না, যেখানে রাষ্ট্র মানুষের বিপক্ষে কাজ করে।”


\r\n

তিনি নির্বাচনের প্রেক্ষিতে বলেন, “১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, এটি বাংলাদেশ বদলের লড়াই। নতুন রাজনীতি ও পরিবর্তনের পক্ষে যদি ‘হ্যাঁ’ না বলা হয়, আগামী দিনগুলোতে দেশবাসীকে জুলুমের মধ্যেই বাঁচতে হবে।”


\r\n

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, অ্যাডভোকেট রহুল আমিন খায়ের, জামায়াতের সাধারণ সম্পাদক সালাম মাঝি, নির্বাচন পরিচালনা কমিটির সুমন তালুকদার এবং এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।