জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার প্রস্তাব দিয়েছেন। রবিবার (৫ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচির আগে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশেষ কমিটি যে রিপোর্ট পেশ করেছে, সেখানে কিছু অধ্যাদেশ ল্যাপস করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব অধ্যাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে সম্পর্কিত।

আইনমন্ত্রী জানিয়েছেন, দুইটি বিল ফ্রেশ হিসেবে মন্ত্রণালয় থেকে এসেছে, যা ১৩৩টি অধ্যাদেশের অংশ নয়। তবে পরে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা যে দুটি অধ্যাদেশের কথা বলেছেন, সেগুলো মূল ১৩৩ অধ্যাদেশের অন্তর্ভুক্ত।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ল্যাপস করার প্রস্তাবিত অধ্যাদেশগুলো জনগণের অধিকার সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। তিনি স্পষ্ট প্রস্তাব দিয়েছেন, এগুলো সংসদে উত্থাপন করা হোক এবং আলোচনা করা হোক।

আইনমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটি অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপিত হবে এবং ফার্স্ট ও সেকেন্ড রিডিংয়ের সময় আলোচনা করা যাবে।

স্পিকার সংসদ সদস্যদের জানান, ৯ তারিখের মধ্যে প্রায় ৯৩টি বিল পাস করতে হবে।