দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ উপজেলা মদনের কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন। নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি সপরিবারে ভোট প্রদান করেন।
ভোট শেষে বাবর বলেন, ভোট দিতে ও নির্বাচনে অংশ নিতে পারাকে তিনি বড় নিয়ামত মনে করেন। দীর্ঘ সময় পর তার পরিবারের সদস্যরা ভোট দিতে পেরে আনন্দিত বলেও জানান তিনি। তার সন্তানদের জন্য এটি প্রথম ভোট বলে উল্লেখ করেন।
তিনি বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং তরুণ ভোটারদের অংশগ্রহণ আশাব্যঞ্জক। সারা দেশেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি দল টাকা দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে এবং কিছু ক্ষেত্রে এমন অভিযোগে লোকজন ধরা পড়েছে। ভোটে অনিয়মের আশঙ্কার কথাও তুলে ধরে তিনি ভোটার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো ধরনের কারচুপি না হয়।





