জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী থেকে সরিষাবাড়ি উপজেলার ভাটারা মোড় পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পিচ-সুরকির আস্তর উঠে গিয়ে পুরো সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে যাচ্ছে পানি, কাদা আর গর্তে একাকার হয়ে পড়ছে পুরো পথ। এতে ভয়াবহ ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে বাস, ট্রাক, অটোরিকশা ও অন্যান্য যানবাহন।
স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সড়কে কোনো সংস্কার হয়নি। সবচেয়ে খারাপ অবস্থা দেখা দিয়েছে বাস টার্মিনাল থেকে জোনাইল বাজার ব্রিজ হয়ে ভাটারা মোড় পর্যন্ত অংশে। বর্ষা মৌসুমে সড়কের নিচু অংশে পানি জমে থাকে দীর্ঘ সময়। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আশপাশের বাড়িঘরের নোংরা পানিও রাস্তার ওপর এসে জমা হয়, যা যাতায়াতকে আরও কষ্টসাধ্য করে তোলে।
ঢাকাগামী বাসচালক সোলাইমান হোসেন বলেন,
“এই রাস্তায় চলতে গেলে প্রতিনিয়তই ঝুঁকি নিতে হয়। কোথায় গর্ত, কোথায় রাস্তা—বৃষ্টির সময় কিছুই বোঝা যায় না। দুর্ঘটনা প্রায়ই ঘটে।”
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন,
“চলাচলের এই অবস্থা বলে বোঝানো যাবে না। বৃষ্টির সময় তো হাঁটাও যায় না। দ্রুত এই সড়ক মেরামত না হলে দুর্ভোগ আরও বাড়বে।”
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া তমাল বলেন,
“সড়কটি সংস্কারের জন্য এলজিইডির সদর দপ্তরে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনও তা অনুমোদিত হয়নি। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।”
স্থানীয়দের মতে, বালিজুড়ী-ভাটারা সড়কটি মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার যোগাযোগের অন্যতম প্রধান পথ হওয়ায় এর দ্রুত সংস্কার সময়ের দাবি। তা না হলে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়বে, তেমনি জনদুর্ভোগও দীর্ঘস্থায়ী হবে।







