ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ২০২৫-এর গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে একেবারে ধরাশায়ী হলো অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৯ জুলাই) লেস্টারের গ্রেস রোডে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তারা হেরেছে ১০ উইকেটে। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল জন হেস্টিংসের এক অবিশ্বাস্য ওভার, যেটি ইতিমধ্যেই ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে ওভার হিসেবে বিবেচিত হচ্ছে।

অস্ট্রেলিয়ার হয়ে একসময় ১টি টেস্ট ও ৩৮টি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ খেলা হেস্টিংস এদিন বল হাতে যেন নিজেকে ভুলে গিয়েছিলেন। পাকিস্তানের রান তাড়ার অষ্টম ওভারে অধিনায়ক ব্রেট লি বল তুলে দেন তার হাতে। এরপর যা ঘটেছে, তা যেন ক্রিকেটের পাঠ্যবইয়ে না থাকলেও ইতিহাসে জায়গা করে নিয়েছে।

মাত্র ৫টি বৈধ বল, ১৮ বলের ওভারে ১৯ রান!
ওভারের শুরুতেই টানা পাঁচটি ওয়াইড দেন হেস্টিংস, যার তিনটি ছিল লেগ সাইডে। এরপর দুটি বৈধ বল—একটিতে আসে সিঙ্গেল, আরেকটিতে চার। এরপর দেন একটি নো বল, যেটিও একইসঙ্গে ওয়াইড। ফ্রি হিটেও আসে আরও একটি ওয়াইড। এরপর রাউন্ড দ্য উইকেট হয়ে একটি লেগ বাই দেন শারজিল খানের বিপক্ষে। এরপর আরও একটি অফ স্টাম্পের অনেক বাইরের ওয়াইড।

এরপর দেন আরও দুটি বৈধ বল, একটি ডট, অন্যটিতে সিঙ্গেল। তবে এরপর আবার টানা পাঁচটি ওয়াইড দিয়ে ওভারই শেষ করেন, ম্যাচও। পুরো ওভারে ছিল ১২টি ওয়াইড, ১টি নো বল এবং মাত্র ৫টি বৈধ ডেলিভারি। রান খরচ হয় ১৯।

অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় মাত্র ১১.৫ ওভারে ৭৪ রানে। ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন মাত্র তিনজন—বেন ডাঙ্ক (২৬), ক্যালাম ফার্গুসন (১০) এবং অতিরিক্ত রান (১১)। পাকিস্তানের দুই ওপেনার শারজিল খান (৩২*) ও সোহাইব মাকসুদ (২৮*) মাত্র ৮ ওভারেই জয় তুলে নেন। শেষ ওভারের বেহুদা বলগুলোর সময় হাসতে হাসতেই খেলেন তারা।

অস্ট্রেলিয়ার বিপর্যয় ও হেস্টিংসের এই ওভার লেস্টারের গ্রেস রোডে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের বিস্মিত করেছে। এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও হতবাক হয়ে মাঠে নীরব দাঁড়িয়ে ছিলেন।

তবে এই লজ্জাজনক পরাজয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েনি অস্ট্রেলিয়া। তারা সেমিফাইনালে মুখোমুখি হবে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার, ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে।